দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে চাঁদপুরে বিভিন্ন রাজনৈতিক দল ও শরিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়

চাঁদপুর খবর রিপোর্ট : শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিভিন্ন রাজনৈতিক দল ও শরিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা বিএনপি।

শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় চাঁদপুর শহরের জে. এম. সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে জেলা বিএনপির উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশ সবার। এখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার রয়েছে। শারদীয় দুর্গাপূজা যেন নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, উসকানি কিংবা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা যাতে সফল হতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে হেয় করা কিংবা কারও ওপর অন্যায়-অবিচার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলোকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুষ্কৃতকারীরা যেন কোনো অন্যায় কর্মকাণ্ডের মাধ্যমে উৎসবের পরিবেশ নষ্ট করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় বক্তব্য দেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহসভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এম. এ. লতিফ, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন, জেলা এনসিপির আহ্বায়ক মাহবুব আলম ও সদস্যসচিব আমান উল্যাহ পাটওয়ারী, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমেদ, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুফতি সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, সদর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মো. মাজহারুল ইসলাম, জেলা খেলাফত মজলিসের সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক কাজী রাসেল, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, সাবেক যুগ্ম সদস্যসচিব সামিউর প্রধান, জেলা গণফোরামের সহসভাপতি অধ্যক্ষ মনির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হাজী আশরাফ বাবু এবং জেলা মহিলা গণফোরামের শিল্পী বেগমসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত বিভিন্ন দলের নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের সংবিধানে নাগরিকদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে। এ ক্ষেত্রে কাউকে সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু হিসেবে বিভাজন না করে সবাইকে সমান মর্যাদার নাগরিক হিসেবে বিবেচনা করতে হবে। অন্যের প্রতি জুলুম ও অন্যায় করা ইসলামেও নিষিদ্ধ। তাই হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে এবং গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে। কেউ যেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টি কিংবা একে অপরের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তারা বলেন, বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও জাতীয় ঐক্য অটুট রাখতে রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে সবাইকে কাজ করতে হবে। দেশের স্বার্থে আমরা সবাই বাংলাদেশি—এই চেতনাকে ধারণ করে শান্তিপূর্ণ ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।

সম্পর্কিত খবর