
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে আকস্মিকভাবে পরিদর্শন করেন।
এসময় ঝটিকা অভিযান চালিয়ে তিন দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। পাসপোর্ট সেবাপ্রার্থীদের দীর্ঘদিনের অভিযোগ ছিল -দালাল চক্রের হয়রানি ও ঘুষ লেনদেন ছাড়া সেখানে কোনো কাজ সম্পন্ন হয় না। সাধারণ মানুষের এমন ভোগান্তির খবর পেয়ে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক দুপুরে কোনো পূর্বঘোষণা ছাড়াই নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাসপোর্ট কার্যালয়ে উপস্থিত হন।
পরিদর্শনকালে তিনি সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও দুর্ভোগের কথা শোনেন। একই সময়ে তিনি কার্যালয় চত্বরে সক্রিয় দালাল চক্রের তিন সদস্যকে হাতেনাতে ধরে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করেন।
অভিযানশেষে সংসদ সদস্য গণমাধ্যমকে বলেন, “পাসপোর্ট অফিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সেবা প্রতিষ্ঠান। এখানে এসে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি বা অনিয়মের শিকার হবে-তা কোনোভাবেই বরদাশত করা হবে না। চাঁদপুর পাসপোর্ট অফিসকে সম্পূর্ণ দালাল ও দুর্নীতিমুক্ত করতে আমাদের কঠোর অবস্থান বজায় থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কঠোর বার্তা দিয়ে বলেন, সাধারণ মানুষের ভোগান্তি দূর করে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে হবে। দালাল চক্র বা কোনো অসাধু কর্মকর্তার যোগসাজশের প্রমাণ পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে সংসদ সদস্যের এমন আকস্মিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন সেবা নিতে আসা সাধারণ নাগরিকরা। নিয়মিত এ ধরনের তদারকি অব্যাহত থাকলে পাসপোর্ট অফিসের সেবার মান নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।




