
স্টাফ রিপোর্টার : আলোচিত চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের নতুন সচিব ( (প্রশাসনিক কর্মকর্তা )হিসেবে নিয়োগ পেয়েছেন তাসলিমা বেগম।
তিনি বর্তমানে হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর ইউনিয়ন পরিষদে কর্মরত রয়েছেন। এর আগে তাসলিমা বেগম চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদ ও করপাড়া ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তিনি লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা পেয়েছেন। আগামী রোববার অথবা সুবিধাজনক অন্য কোনো দিনে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে ঘিরে বিভিন্ন অভিযোগ এবং জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিক্রির ঘটনা নিয়ে সম্প্রতি আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদটিতে নতুন সচিবের নিয়োগ স্থানীয়ভাবে গুরুত্ব বহন করছে।




