
নিজস্ব প্রতিবেদক: আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর চাঁদপুরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইজতেমা আয়োজনের বিষয়টি লিখিতভাবে চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীকে অবহিত করা হয়েছে।
১৪ অক্টোবর তাবলিগ জামাত চাঁদপুর শাখার আহলে শুরার সদস্য মুহাদ্দিস আবদুল্লাহ স্বাক্ষরিত এক অবহিতকরণপত্র থেকে এ তথ্য জানা গেছে। অবহিতকরণপত্রে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন জেলার মতো এ বছরও তাবলিগ জামাত বাংলাদেশ (দিল্লির নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী), চাঁদপুর জেলার তত্ত্বাবধানে জেলা ইজতেমার আয়োজন করা হচ্ছে।
আগামী ২২, ২৩ ও ২৪ অক্টোবর (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) ২০২৬ তারিখে এ ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার মাঠ হিসেবে চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের দোকানঘর এলাকায় এমদাদিয়া মাদ্রাসাসংলগ্ন নদীর পাড়ের স্থান নির্বাচন করা হয়েছে।
ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় অবগতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন আয়োজকেরা।




