কনস্টেবল থেকে এসআই পদে পদোন্নতি, চাঁদপুরে পুলিশের বিভাগীয় প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৬-এর প্যারেড পর্ব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ পরীক্ষায় পরিচালনা ও মূল্যায়ন বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বিভাগীয় পদোন্নতির অংশ হিসেবে কনস্টেবল ও নায়েক থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে উপ-পরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা এ পরীক্ষায় অংশ নেন।

পরীক্ষার নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের টার্ন আউট (পোশাক-পরিচ্ছদ ও বাহ্যিক উপস্থাপনা) পর্যবেক্ষণ, চাকরির খতিয়ান (সার্ভিস রেকর্ড) বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসব কার্যক্রমের মাধ্যমে পরীক্ষার্থীদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও যোগ্যতা মূল্যায়ন করা হয়। পরীক্ষাশেষে পুলিশ সুপার মো. মিজানুর রহমান অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান এবং পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৬ পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর এবং ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, পুলিশ লাইন্সের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর