
স্টাফ রিপোর্টার: চাঁদপুর শহরের পুরান বাজারে দোকানের দুটি তালা ভেঙে নগদ টাকা, মোবাইল রিচার্জ কার্ড ও দামি সিগারেটসহ মূল্যবান মালামাল চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে পুরান বাজারের ইব্রাহিমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম জাফরাবাদ এলাকায় মেঘনা নদীর পাড়ে অবস্থিত সাঈদ স্টোরে এ চুরির ঘটনা ঘটে।
দোকানের মালিক মো. শামীম গাজীর দাবি, চোরেরা দোকান থেকে নগদ প্রায় ৩০ হাজার টাকা, বিভিন্ন মোবাইল কোম্পানির প্রায় ১০ হাজার টাকার রিচার্জ কার্ড এবং দামি সিগারেটসহ আনুমানিক ২৫ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় তিনি পুরান বাজার পুলিশ ফাঁড়িকে অবহিত করেছেন।
দোকানমালিক শামীম গাজী জানান, প্রায় আড়াই বছর ধরে তিনি ওই স্থানে ব্যবসা পরিচালনা করছেন। এর আগে তাঁর দোকানে কখনো চুরির ঘটনা ঘটেনি। এবার দোকানের দুটি তালা ভেঙে নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরি করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হলে তারা গুরুত্বসহকারে দেখার আশ্বাস দিয়েছে।
এদিকে, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত এক থেকে দেড় মাসের মধ্যে ওই এলাকায় বিভিন্ন বাসাবাড়ির বিদ্যুতের মেইন লাইন চুরির ঘটনা ঘটেছে। আগের ঘটনাগুলোর সঙ্গে সাঈদ স্টোরে চুরির ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে পুরান বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) চান মিয়া জানান, দোকানমালিক শামীম গাজী মুঠোফোনে তাঁকে চুরির বিষয়টি জানিয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




