
মামুন হোসাইন : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, তরুণ সমাজ সেবক ও মকবুল স্মৃতি সংসদ এর সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল’র সভাপতিত্বে ও অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম ও বিল্লাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক ও রাজনীতিবিদ মোতাহার হোসেন পাটোয়ারী, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফয়েজ আহমেদ মোল্লা। চিকিৎসক, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ডা. আবুল কালাম আজাদ।গুপ্টি পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজাহান পাটোয়ারী, প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাছির আহমদ।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ জিয়াউর রহমান বলেন, “একজন শিক্ষার্থীর জীবনে বিদ্যালয় ও পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদের সৎ, আদর্শবান, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে উৎসাহিত করতে হবে। মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে তাদের দূরে রাখতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে। আজ যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে, তারা আগামী দিনে দেশ ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা। গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য অব্যাহত থাকুক এবং বিদ্যালয়টি শিক্ষার মানোন্নয়নে আরও এগিয়ে যাক—এই প্রত্যাশা করছি।”
শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
এই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহসভাপতি মামুনুর রহমান,আজাদ পাটোয়ারী, প্রতিষ্ঠানের সাবেক সদস্য ইমাম হোসেন, মনির পাটোয়ারীসহ বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা,অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।




