চাঁদপুরে সিএনজি শ্রমিক ইউনিয়নের দুই নেতা কাজী ফারুক ও রিপন মিয়া গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ফারুক ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ট্রাফিক পুলিশের জব্দ করা অবৈধ সিএনজি ও অটোরিকশা ছাড়িয়ে নেওয়া এবং এ নিয়ে আন্দোলনের প্রস্তুতির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। জানা যায়, চাঁদপুর শহরে অবৈধ সিএনজি ও অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়ে বেশ কয়েকটি যানবাহন জব্দ করে ট্রাফিক পুলিশ। জব্দ করা যানবাহন ছাড়িয়ে নেওয়ার দাবিতে শ্রমিক ইউনিয়নের নেতারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, রোববার সকাল ৮টার দিকে শহরের ওয়্যারলেস বাজার এলাকায় সড়ক অবরোধ এবং জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা ছিল শ্রমিকদের। এমন তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে চাঁদপুর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি কাজী ফারুক ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রিপন মিয়াকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ জানান, জব্দ করা অবৈধ যানবাহনকে কেন্দ্র করে শ্রমিক নেতারা শহরে আন্দোলনের মাধ্যমে পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করছিলেন।

এ কারণে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গ্রেপ্তার দুই শ্রমিক নেতাকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

সম্পর্কিত খবর