
চাঁদপুর বিসিক শিল্পনগরীতে প্রতিদিন একের পর এক চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। শেষ পর্যন্ত সিসিটিভি ফুটেজ দেখে চোর এবং চুরি যাওয়া মালামাল বিক্রির প্রতিষ্ঠান চিহ্নিত করেছেন ব্যবসায়ীরা।
এর মধ্যে সিসিটিভির মাধ্যমে একজন চোর চিহ্নিত করে আজ বুধবার বিকেলে তারা তাকে পুলিশের কাছে দিয়েছেন।
ওই শিল্পনগীরর একজন ব্যবসায়ী অভিযোগ করেন,চাঁদপুর বিসিক শিল্পনগরীর সব ব্যবসায়ী সারাক্ষণ চোর ও মাদকাসক্তদের আতঙ্কে রয়েছেন। কারণ সন্ধ্যার পর বহিরাগত মাদকাসক্তদের আর রাতে চোরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় প্রায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও কারখানায় চুরির ঘটনা ঘটছে। এতে করে কয়েকজন ব্যবসায়ীর লক্ষ লক্ষ টাকার মালামাল চুরি করে নেয় চোরের দল।
চাঁদপুর বিসিক শিল্পনগরীর ব্যবসায়ী মফিজুল ইসলাম খান জানান,আমরা বিসিক শিল্পনগরীতে একের পর এক এই চুরির বিষয়ে আজ বুধবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছি।
চাঁদপুর বিসিক শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক মো.শাহরিয়ার খান জানান,আমাদের এই চাঁদপুর বিসিক শিল্পনগরীর কোনো সীমানা দেয়াল না থাকায় গত প্রায় ১ মাস ধরে বেশ কয়েকটি কারখানায় চুরির ঘটনা ঘটেছে। আমরা এ নিয়ে ব্যবসায়ীদের সাথে বসেছি। তারা একের পর এক চুরির ঘটনায় চরম উদ্বিগ্ন। আমরাও এই বিষয়ে উর্ধ্বতন কর্তৃপকক্ষকে জানিয়েছি এখানে সীমানা দেয়াল বসানো ও রাতে নিরাপত্তা কর্মী নিয়োজিত করার জন্য। এছাড়া প্রশাসনকেও বলেছি রাতে পুলিশি টহলের ব্যবস্থা করার জন্য।
চাঁদপুর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন,আমরা একজন চোরকে হাতে পেয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে এখন থেকে আমরা প্রতিদিন রাতে সেখানে টহলের ব্যবস্থা করবো। যাতে এ ধরনের আর ঘটনা না ঘটে।



