চাঁদপুরে বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বহিষ্কার

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন হাওলাদারকে দলের সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাকিমুর রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১৬ আগস্ট ২০২৬ তারিখে এ আদেশ কার্যকর করা হয়েছে।

বহিষ্কারাদেশে বলা হয়, শাহাদাত হোসেন হাওলাদারকে এর আগে দলীয় গঠনতন্ত্রবহির্ভূত কর্মকাণ্ড এবং দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

তবে অভিযোগ অনুযায়ী, তিনি সংশোধিত না হয়ে গত ১৫ আগস্ট ২০২৬ বিএনপির সাবেক চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হন।

চিঠিতে আরও বলা হয়, এসব কর্মকাণ্ডের কারণে তাকে বিএনপির সব ধরনের দলীয় পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে এবং একই সঙ্গে বহিষ্কারাদেশ কার্যকর করার কথা জানানো হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বহিষ্কারাদেশের ফলে শাহাদাত হোসেন হাওলাদার এখন থেকে বিএনপির কোনো পদ-পদবিতে দায়িত্ব পালন করতে পারবেন না।

তবে বহিষ্কারাদেশে উল্লিখিত অভিযোগের বিষয়ে শাহাদাত হোসেন হাওলাদারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর