
মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলায় অবৈধ ড্রেজার স্থাপন করে কৃষি জমির শ্রেণি পরিবর্তন করার অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জমির মালিক ও ড্রেজার মালিককে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। মঙ্গলবার (৭ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিরকান্দি এলাকায় প্রশাসন এক বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় কৃষি জমির মাটি কাটার দায়ে গাজির গাছখোলা গ্রামের হাফেজ আলী পাঠানের ছেলে ইব্রাহিম পাঠান ও ড্রেজার মালিক সাইফুল ইসলামকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫- এর সংশ্লিষ্ট ধারায় ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত পাইপ বিনষ্ট করা হয়। সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ জানান, অন্যের সাথে যোগসাজশে পুকুর কাটার নামে কৃষি জমির মাটি কাটার দায়ে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে জরিমানা করা হয়। কৃষি জমির মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।



