
সমির ভট্রাচার্য্য : অদম্য মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া গ্রামের কৃতি সন্তান মুমু পোদ্দার। তিনি ৪১তম বিসিএস (কৃষি) এবং ৪৩তম বিসিএস (প্রশাসন)—উভয় বিসিএসেই সাফল্য অর্জন করে নিজেকে দেশের মেধাবী প্রশাসনিক কর্মকর্তাদের কাতারে স্থান করে নিয়েছেন।
মুমু পোদ্দার প্রয়াত খোকন পোদ্দার (মতলব বাজারের কর্ণফুলী স্টুডিওর স্বত্বাধিকারী) ও চম্পা পোদ্দারের সন্তান। শিক্ষাজীবনে তিনি কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার হলিক্রস কলেজ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন সম্পন্ন করেন।
৪১তম বিসিএসের মাধ্যমে তিনি কৃষি বিপণন অধিদপ্তরে কৃষি বিপণন কর্মকর্তা (সহকারী পরিচালক পদমর্যাদা) হিসেবে যোগদান করেন এবং নোয়াখালী কার্যালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে কর্মরত অবস্থায় ৪৩তম বিসিএস পরীক্ষায় প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে সরকারি অনুমোদনক্রমে কৃষি বিপণন অধিদপ্তর থেকে অব্যাহতি গ্রহণ করেন।
বর্তমানে তিনি নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয় ছিলেন। তিনি চাঁদপুরের ঐতিহ্যবাহী শিশু সংগঠন ‘মতলব সূর্যমুখী কচি-কাঁচার মেলা’র সাবেক আহ্বায়ক এবং সহযোগী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মুমু পোদ্দারের এই সাফল্য শুধু চাঁদপুরের জন্যই নয়, বরং সারাদেশের তরুণ-তরুণী, বিশেষ করে নারীদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত। তাঁর অর্জনে গর্বিত চাঁদপুরবাসী এবং মতলব দক্ষিণের মানুষ।



