
স্টাফ রিপোর্টার : চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং পৌর ৭ নং ওয়ার্ডের তিনবারের সাবেক কমিশনার আলী আহমেদ সরকার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন।
অসুস্থ অবস্থায় তিনি চাঁদপুরবাসী, জেলা বিএনপির নেতা-কর্মী এবং সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেছেন। হাসপাতালে তাঁকে দেখতে গেলে আলী আহমেদ সরকার আবেগাপ্লুত হয়ে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে দ্রুত সুস্থতার জন্যে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এ সময় তিনি বিশেষভাবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। অসুস্থতার সময় তাঁর খোঁজখবর নেয়া ও সহযোগিতার জন্যে তিনি সংসদ সদস্যের প্রতি ধন্যবাদ জানান। পরিবারের সদস্যরাও আলী আহমেদ সরকারের দ্রুত সুস্থতার জন্যে চাঁদপুরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।
আল্লাহতাআলা আলী আহমেদ সরকারকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন এবং সকল মুসলিম উম্মাহকে সব ধরনের বিপদ, বালা-মুসিবত ও রোগব্যাধি থেকে হেফাজত করুন-এমন দোয়া জানিয়েছেন তাঁর শুভানুধ্যায়ীরা।



