
স্টাফ রিপোর্টার:সামান্য বৃষ্টিতেই চাঁদপুর পৌর সভার ১৪নং ওয়ার্ডের চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক থেকে বডুর বাজার সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে পৌরবাসী। বিশেষ করে ব্যবসায়ী, শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষেরা দুর্ভোগে পড়ছেন বেশি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী জানান, শহরের বিভিন্ন জায়গায় পৌর কর্তৃপক্ষ সড়কগুলো নির্মাণ করলে এই সড়কটি দীর্ঘ বছর মেরামত হয়নি, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের মধ্যে সড়কটি হওয়ায় উভয় পক্ষই বিষয়টি নিয়ে উদাসীন, এর কারণে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে সড়কে। নালার ময়লা-আবর্জনা বৃষ্টির পানির সঙ্গে সড়কে উঠে আসে।
এ ছাড়া মুষলধারে বৃষ্টি হলে নালার নোংরা পানি সড়কের পাশের বাড়িতেও ঢুকে পড়ে। তখন অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষদের।
আলমগীর গাজী নামের এক ব্যবসায়ী জানান, এই সড়কটি দীর্ঘদিন মেরামত হয়নি, সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকায় ক্রেতা-বিক্রেতাদের বিপাকে পড়তে হয়।
গতকাল বৃৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন শিক্ষার্থী দাঁড়িয়ে আছে। রাস্তায় পানি জমে থাকায় তাঁরা পার হতে পারছে না। শিক্ষার্থীরা জানায়, রাস্তায় পানি থাকায় জুতা পরে রাস্তা পার হতে পারছে না তাঁরা।
জনগুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া না পড়ায় ভোগান্তি বাড়িয়ে দিয়েছে এ জলাবদ্ধতা। অল্পকিছু সময়ের বৃষ্টির ভারও সইতে পারেনি। পৌর কর্মজীবী, শ্রমজীবী মানুষদের এই চিরচেনা জলাবদ্ধতা সঙ্গী হয়েছে।
মাথায় ছাতা, গায়ে বৃষ্টি আর পায়ে সড়কর নোংরা জল নিয়েই ছুটে চলছেন কাজে বের হওয়া মানুষগুলো। জলাবদ্ধতার মধ্যে যানবাহন চলার কারণে ঢেউ সৃষ্টি হচ্ছে, আর সেই ঢেউ এসে আছড়ে পড়ছে পথচারীর শরীরেও।



