
ইব্রাহিম খান : চাঁদপুর শহরের পুরান বাজারে যৌথ অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল ও ১০০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা।পুরান বাজারের ব্যবসায়ী দুলাল সাহার গোডাউন থেকে এই নিষিদ্ধ জাল গুলো জব্দ করা হয়।
মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য অফিসের যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি। এ সময় গোডাউনের দায়িত্বে থাকা একজনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, জব্দ করা জালগুলো রাতে কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি বলেন, আমরা ব্যবসায়ী দুলাল সাহার গোডাউন থেকে জাল গুলো জব্দ করি।এসময় তাকে পাওয়া যায়নি।তাই দায়িত্বে থাকা তার কর্মচারীকে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



