চান্দ্রা সামাদিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাও. মুহিবুল্লাহর দাফন সম্পন্ন

চাঁদপুর খবর রিপোর্ট : ফরিদগঞ্জের চান্দ্রা সামাদিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আ ন ম মুহিবুল্লাহ নোমান ইন্তেকাল করেছেন।

তিনি বুধবার দিবাগত রাতে চাঁদপুর শহরের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়া হয়। ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করাতে না পেরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল পৌনে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। উল্লেখ্য, মাওলানা মুহিবুল্লাহ ছিলেন চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ ঐতিহাসিক বেগম জামে মসজিদের সাবেক খতিব, প্রখ্যাত বুজুর্গানে দ্বীন মাওলানা মোহাম্মদ রুহুল্লার মেজো ছেলে এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সম্পাদক, চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহর মেজো ভাই। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর সরকারি কলেজের শেরে বাংলা ছাত্রাবাস মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন।

তাঁর মৃত্যুর সংবাদে চাঁদপুর শহরে শোকের ছায়া নেমে আসে। গতকাল সন্ধ্যার পর মাওলানা মুহিবুল্লাহকে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে তৃতীয় জানাজাশেষে সমাহিত করা হয়। তার আগে আরো দুটি জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর সুদীর্ঘ সময়ের কর্মস্থল ফরিদগঞ্জের চান্দ্রা সামাদিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে ইমাম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলা আড়াইটায় প্রথম জানাজা এবং চাঁদপুর শহরের তালতলাস্থ মাইক্রো স্ট্যান্ডে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

তিনটি জানাজা ও দাফন : মাওলানা আ ন ম মুহিবুল্লাহর প্রথম নামাজে জানাজা চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা শিব্বির আহমাদ। দ্বিতীয় জানাজা হয় চাঁদপুর মাইক্রো স্ট্যান্ডে। জানাজার পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর বারের সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবরসহ সুধীজন প্রমুখ।

সাংবাদিক মাওলানা আব্দুর রহমান গাজীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া, চাঁদপুর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক অ্যাড. ইকবাল বিন বাশারসহ বিশিষ্টজন । এখানে ইমামতি করেন হাশিমপুর দরবার শরীফের পীর সাহেব আল্লামা শায়খ আশফাক আহমাদ। শেষ জানাজা মরহুমের গ্রামের বাড়ি হাজীগঞ্জের পশ্চিম রাজারগাঁও গ্রামে। এখানে ইমামতি করেন মরহুমের মেজো ছেলে মাওলানা সিরাজুম মনির। জানাজার পর মিলাদ কিয়াম পরিচালনা করেন মরহুমের ভাগিনা আওলাদে রাসুল সাইয়েদ মাখদুম শাহ আল-মাদানী। দোয়া মুনাজাত করেন মরহুমের খালাতো ভাই মাওলানা মাসউদ হোসাইন আল-কাদেরী। আলোচনা করেন রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমান। সবশেষে মরহুমের বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

চাঁদপুর প্রেস ক্লাবের শোক :

ফরিদগঞ্জ চান্দ্রা সামাদিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আ ন ম মুহিবুল্লাহ নোমান ইন্তেকালে গভীর শোক প্রকাশক করেছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। তারা এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

প্রসঙ্গত : মাওলানা আ ন ম মুহিবুল্লাহ নোমান চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক মাওলানা এএইচএম আহসান উল্লাহর মেজো ভাই।

সম্পর্কিত খবর