চাঁদপুর সদরে ১৫০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ

ইব্রাহিম খান : চাঁদপুর সদর উপজেলায় ১ হাজার ৫শ ৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা।

এ সময় তিনি বলেন, “সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করা। সেই লক্ষ্যে কৃষি অফিসের মাধ্যমে কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে। এসব গাছের ফল কৃষকরাই ভোগ করবেন। কৃষকরাই দেশের খাদ্য উৎপাদনের সম্মুখযোদ্ধা। জমির প্রয়োজন অনুযায়ী সার ব্যবহার করতে হবে এবং এ বিষয়ে কৃষি অফিসের পরামর্শ গ্রহণ করা উচিত।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তপন রায়।

উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে মরিচ বীজ, রোপা আমন ধানের বীজ, সার এবং বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

কৃষি অফিস সূত্রে জানা যায়, এদিন সদর উপজেলার ৬৩৫ জন কৃষকের মাঝে গাছের চারা, ৭৫০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ ও সার এবং ১২০ জন কৃষকের মাঝে মরিচ বীজ বিতরণ করা হয়। সব মিলিয়ে ১ হাজার ৫০৫ জন কৃষক এ কর্মসূচির আওতায় কৃষি উপকরণ পেয়েছেন।

আয়োজকরা জানান, কৃষি উৎপাদন বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কৃষকদের উৎসাহিত করতেই সরকারের এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

সম্পর্কিত খবর