
মহসিন হোসাইন : চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
চাঁদপুর সদর উপজেলার বড় স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ মো. শামীম মোল্লা (২৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বুধবার (২৪ জুন) দুপুর ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এ অভিযান পরিচালনা করে।
বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে প্রায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা।
আটক ব্যক্তি মো. শামীম মোল্লা (২৬), পিতা: কদম আলী মোল্লা। তার বাড়ি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার দক্ষিণ ফুকরা গ্রামে।
জব্দকৃত গাঁজা ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



