চাঁদপুরে তিন মাসে ৬,৯৫১ পিস ইয়াবা ও ৫৯ কেজি গাঁজা উদ্ধার

মহসিন হোসাইন: মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অপরাধ দমনে টানা তিন মাসের বিশেষ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে চাঁদপুর জেলা পুলিশ। পুলিশ সুপার মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)-এর সার্বিক দিকনির্দেশনা, নিবিড় তদারকি এবং ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে গত ১ এপ্রিল থেকে ২২ জুন ২০২৬ পর্যন্ত জেলার আটটি থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পরিচালিত অভিযানে এসব সাফল্য অর্জিত হয়েছে।

পুলিশ মিডিয়া সেল চাঁদপুর জানায়, এ সময়ে ৪৬০টি মাদক মামলা দায়ের করে ৫৭৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার করা হয়েছে ৬ হাজার ৯৫১ পিস ইয়াবা, ৫৯ কেজি ১১৯ গ্রাম গাঁজা, ৩টি গাঁজা গাছ, ২ লিটার চোলাই মদ এবং ১ বোতল বিদেশি মদ।

একই সময়ে ৫২২ জন কিশোর গ্যাং সদস্যকে আটক, ১ হাজার ৪৬৩টি চেকপোস্ট পরিচালনা এবং ৫৫৩টি যানবাহন আটক ও তল্লাশি করা হয়েছে। এছাড়া অস্ত্রবিরোধী অভিযানে ১টি অস্ত্র মামলায় ১টি কার্তুজ ও ১টি কাটার উদ্ধার করা হয়।

থানাভিত্তিক অভিযানে সদর মডেল থানায় ৭১টি মাদক মামলায় ৯০ জন, হাইমচর থানায় ২৫টি মামলায় ২৬ জন, ফরিদগঞ্জ থানায় ৭৯টি মামলায় ১১০ জন, হাজীগঞ্জ থানায় ৩৬টি মামলায় ৩৯ জন, মতলব উত্তর থানায় ৫২টি মামলায় ৬১ জন, মতলব দক্ষিণ থানায় ৩৪টি মামলায় ৪৫ জন, কচুয়া থানায় ৬৫টি মামলায় ৯২ জন, শাহরাস্তি থানায় ৫৭টি মামলায় ৬৬ জন এবং জেলা গোয়েন্দা শাখার ৪১টি মামলায় ৪৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় বিভিন্ন থানা ও ডিবি পুলিশ বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, গাঁজা গাছ, চোলাই মদ ও বিদেশি মদ উদ্ধার করে। পাশাপাশি কিশোর গ্যাংবিরোধী অভিযানে সবচেয়ে বেশি ১২২ জন সদস্যকে আটক করা হয় কচুয়া থানা এলাকায়। এছাড়া সদর মডেল থানা থেকে ৮৭ জন, শাহরাস্তি থেকে ৮৫ জন, মতলব উত্তর থেকে ৭৮ জন, ডিবি থেকে ৭৩ জন, মতলব দক্ষিণ থেকে ২৯ জন এবং ফরিদগঞ্জ থেকে ১৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়।

এ সময়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ১ হাজার ৪৬৩টি চেকপোস্ট পরিচালনা করে ৫৫৩টি যানবাহন আটক ও তল্লাশি করা হয়। ফরিদগঞ্জ থানার অস্ত্রবিরোধী অভিযানে ১টি কার্তুজ ও ১টি কাটার উদ্ধার করা হয়।

এ বিষয়ে পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে চাঁদপুর জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। তিনি অপরাধ দমনে জনসচেতনতা বৃদ্ধি, তথ্য প্রদান এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ চাঁদপুর গড়তে জেলা পুলিশ সর্বদা আন্তরিক ও বদ্ধপরিকর।

সম্পর্কিত খবর