
স্টাফ রিপোর্টার : চাঁদপুরে শিক্ষা মন্ত্রণালয়ের প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি মাদ্রাসার বাউন্ডারি ওয়াল ও রাস্তা নির্মাণের মাত্র আট মাসের মাথায় তা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, পূর্ব নোটিশ ছাড়াই গোপন মামলার রায়ের ভিত্তিতে এই ভাঙচুর করা হয়েছে। তবে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের বালিয়া বাজার সংলগ্ন বালিয়া কাজিরবাজার দারুসুন্নাত নেসারিয়া দাখিল মাদ্রাসা। ১৯৮৫ সালে মরহুম হাজী আব্দুল রশিদ কাজীর দান করা ৪২ শতাংশ জমির ওপর প্রতিষ্ঠিত হয় শিক্ষাপ্রতিষ্ঠানটি। বর্তমানে এখানে প্রায় ৫৫০ শিক্ষার্থী ও ১৮ জন শিক্ষক শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দে নির্মিত মাদ্রাসার সীমানা প্রাচীর ও সংযোগ সড়ক ভেঙে ফেলার ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, গোপনে দায়ের করা একটি মামলার রায়ের ভিত্তিতে কোনো পূর্ব নোটিশ ছাড়াই এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। মাদ্রাসার প্রধান শিক্ষক,মাওলানা মোজাম্মেল জানান, প্রতিপক্ষ গোপনে মামলা করে রায় আনার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে হঠাৎ করেই বাউন্ডারি ওয়াল ভেঙে ফেলা হয়।
এ সময় প্রতিবাদ করলে তাদের ভয়ভীতি দেখানো হয় বলেও তিনি অভিযোগ করেন। এতে সরকারের প্রায় ৩৫ লাখ টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে তার দাবি। অভিযোগের বিষয়ে অভিযুক্ত মোস্তফা কারীর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে, স্থানীয় বাসিন্দারা ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



