
স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ৪ গ্রামের প্রায় অর্ধশত কৃষক জমিতে ধান চাষ করে সর্বস্বান্ত হয়ে গেছে।
মতলব দক্ষিণ ও দাউদকান্দির সীমান্তবর্তী এলাকার গোবিন্দপুর, নন্দীখোলা, কাচিয়ারা ও বকচর গ্রামের কৃষকরা এবার তাদের জমিতে নতুন জাতের বিএনআর হাইব্রীড মোটা ধান চাষ করেন। তারা স্থানীয় এক ডিলারের কাছ থেকে প্রতি কেজি বীজ ধান সাড়ে ৫০০ টাকা দরে ক্রয় করে বীজতলা তৈরি করেন। যথা নিয়মে ধানের চারা রোপন করেন।
দেখা যায় ধানের চারা রোপনের পর যথা নিয়ম অনুসরন করা হলেও ফলন আসার সময় দেখা যায় কোন প্রকার ধান হচ্ছে না। কিছু জমিতে সামান্য কিছু ধান দেখা দিলেও সবই চিটা হয়ে আছে। কৃষকরা সর্বস্বান্ত হযে চোখে এখন শষ্যে ফুল দেখছে।
নন্দীখোলার আয়েশা বেগম বলেন তিনি আড়াই একর জমিতে এ ধান চাষ করেন। ধান চাষ করতে যত কিছু দরকার তা প্রয়োগ করেছেন কিন্তু সময় শেষ হলেও ধানে ফলন আসেনি। তিনি জানান চার মাস হয়ে গেছে অথচ ধানে চিটা এখন। অথচ বীজ ধান সরবরাহকারী কোম্পানির লোকজন এ ধান রোপনের আগে বলেছিল একরে একশ মণ ধান উৎপাদন হবে। আমি এখন কি নিয়ে বাঁচবো জমির কিনারে বসে বিলাপ করছেন এই নারী কৃষক।
একইভাবে ওই সব এলাকার কৃষক মাসুদ আলম, গোলাম মোস্তফা, জামাল হাজী মিজানুর রহমান, আবুল কালাম সহ অন্য কৃষকরা যথা নিয়মে যথাসময়ে ধানের চারা রোপণ ও সকল পরিচর্যা করেন। কিন্তু নির্ধারিত সময় অতিক্রান্ত হলেও ধানে ফুল আসেনি। কোন কোন জমিতে ফুল এলেও ধান চিটা হয়ে আছে। তারা জানান এই ধান চাষে এক একরে খরচ হয়েছে ৬৫ হাজার টাকা বলে জানান তারা। প্রায় ৭০ একর জমিতে তারা এবার এই ধানের ফলন করেছিরেন বলে জানান।
ওই এলাকার অধিকাংশ জমিতে গিয়ে দেখা যায় ধানহীন দাঁড়িয়ে আছে জমিগুলোতে ধান গাছ। কৃষকরা এবার সেসব জমির খড় কাটছে না। তারা জানান এসব ধানের জমির খড় কাটতে খরচ দিয়ে কারো পোষাচ্ছে না। এমনিতেই তারা সর্বস্বান্ত হয়ে গেছে। তাই তারা আরো নি:শেষ হতে চায় না।
এসব বিষয়ে বায়ারের পিএনআর কোম্পনির মার্কেটিং কর্মকর্তা ওবায়দুর রহমান বলেন, আমরা ওইসব ক্ষতিগ্রস্ত জমি ভিজিট করেছি। মতলবের বিষয়টি হচ্ছে কৃষকরা আলু উঠানোর পর ধানের চারা রোপন করেছে। বর্তমানে সমস্যা সৃষ্টি হয়েছে। কোম্পানি তা অবগত । আমরা যেহেতু কৃষকদের নিয়ে কাজ করি অবশ্যই কৃষকদের যতটুকু সহযোগিতা দেওয়ার দরকার তা করা হবে।
মতলব দক্ষিণ উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল বলেন, আমি বিষয়টি জানি কৃষকদের যে ক্ষতি হয়েছে তা অপূরনীয়। বায়ার কোম্পানির কর্মকর্তারা আমার কাছে এসেছিল। কেন এমনটি হলো তা পরীক্ষার জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন বলে তারা জানিয়েছেন। কোম্পানি কিছু ক্ষতিপূরণ কৃষকদের দে্বেন বলে আমাকে জানিয়েছে। তবে কত পার্সন দেবেন তার জন্য সময় নিচ্ছেন।



