
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘একবেলার আহার’ কর্মসূচির আওতায় চাঁদপুরে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু, দিনমজুর, শ্রমজীবী ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সংগঠনের শুভাকাঙ্ক্ষী, সদস্য ও উপদেষ্টাদের আর্থিক ও মানবিক সহযোগিতায় সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন বদলাও ইয়ূথ ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ আবদুর রহমান রিজভী। তিনি বলেন, “আমরা চেষ্টা করি সমাজের এমন মানুষদের পাশে দাঁড়াতে, যারা নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন। ‘একবেলার আহার’ আমাদের নিয়মিত মানবিক উদ্যোগগুলোর একটি। সামর্থ্য অনুযায়ী আমরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম
অব্যাহত রাখতে চাই।”
খাদ্য বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন মাহমুদা আক্তার, তানজিনা আক্তার, রাজু, সাকিবা,তাইমুল ইসলাম, আহসান হাবীবসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা। তারা নিজ হাতে খাবার বিতরণ করেন এবং উপকারভোগীদের খোঁজখবর নেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বদলাও ইয়ূথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, সামাজিক সচেতনতা, মানবিক সহায়তা ও স্বেচ্ছাসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ‘একবেলার আহার’ কর্মসূচি সংগঠনটির অন্যতম নিয়মিত মানবিক উদ্যোগ, যার মাধ্যমে প্রতি বছর সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হয়।
উপকারভোগীরা এ উদ্যোগের জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।



