
সমির ভট্রাচার্য্য : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ধনাগোদা নদীতে বিদ্যুৎ শক সংযোগ ব্যবহার করে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম মিনহাজ (২১) সে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার বাসিন্দা ও মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২০ জুন) রাতের দিকে মিনহাজ কয়েক জনকে সঙ্গে নিয়ে জনতা বাজার সংলগ্ন এলাকার ধনাগোদা নদীতে মাছ ধরতে যান । এ সময় তারা বিদ্যুৎ শক সংযোগ ব্যবহার করে মাছ ধরার চেষ্টা করছিলেন। একপর্যায়ে একটি বড় মাছ ধরতে গিয়ে অসাবধানতা বশত বিদ্যুতের সংস্পর্শে এসে মিনহাজ গুরুতর আহত হয় । আহত মিনহাজকে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য বিদ্যুতের শক দিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন নদী ও জলাশয় রাতের আধারে মাছ নিধন করে আসছে একটি সংঘবদ্ধ দল । রাতের বেলায় কোস্টাগার্ড বা মৎস্য অধিদপ্তরের নজরদারির অভাবে ধ্বংস হচ্ছে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ । এভাবে চলতে থাকলে এক সময় মাছ শূন্য হয়ে পড়বে নদী নালা খাল বিল । তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন সচেতন মহল ।



