অপরাধ দমনে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযান

মহসিন হোসাইন: আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন কার্যক্রম জোরদার করতে চাঁদপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ মহড়া ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) খায়রুল কবিরের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ অভিযান দীর্ঘ সময় ধরে পরিচালিত হয়।

অভিযানে চাঁদপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, কালীবাড়ি, পূরাণ বাজার, বাবুরহাটসহ বিভিন্ন অলিগলি ও সড়কে ব্যাপক তল্লাশি ও নজরদারি কার্যক্রম চালানো হয়। অভিযান চলাকালে চাঁদপুর সদর সার্কেলের এএসপি খায়রুল কবির সরাসরি নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়েজ আহমেদ, তদন্ত ওসি মিন্টু দত্ত, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সদস্যসহ সদর মডেল থানার এসআই, এএসআই এবং পুলিশের একটি চৌকস দল।
পুলিশ সূত্রে জানা যায়, শহরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং জনগণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদার করার লক্ষ্যে এ বিশেষ মহড়া পরিচালনা করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. রবিউল হাসান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চাঁদপুর জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর