
মহসিন হোসাইন: চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে চাঁদপুর জেলা কৃষি বিপণন অফিস কার্যালয়ে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী।
সমাবেশে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক ফাহিম জাহান বলেন, বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এসব উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়নের পর্যায়ে রয়েছে এবং এর সুফল কৃষকরা খুব দ্রুতই দৃশ্যমানভাবে দেখতে পারবেন।
তিনি কৃষক কার্ডের গুরুত্ব তুলে ধরে বলেন, কৃষকদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় তিনি অনলাইনে যুক্ত হয়ে কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে বিস্তারিত বক্তব্য প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক এবং দায়িত্বপ্রাপ্ত কৃষি বিপণন কর্মকর্তা মো. কামরুজ্জামান রুপম।
তিনি বলেন,কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের সুরক্ষা ও কৃষি খাতকে আরও সমৃদ্ধ করতে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে কৃষক কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই কার্ডের মাধ্যমে কৃষকরা কৃষি ঋণসহ বিভিন্ন সরকারি সুবিধা সহজে গ্রহণ করতে পারবেন, যা তাদের অর্থনৈতিকভাবে উপকৃত করবে।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য কর্মকর্তা তপন বেপারী বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি, নৈতিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধে সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
সমাবেশে জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সমাবেশ শেষে কৃষকদের মাঝে বিভিন্ন ফলজ বৃক্ষ প্রদান করা হয়।



