
ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম এ হান্নানের উদ্যোগে বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে ফরিদগঞ্জে উপজেলা পরিষদ গেইটে বিএনপির দু গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (৩১ মে ২০২৬) বিকেলে এ সংঘর্ষের সময় দু পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের কারণে মেহেদী হাসান রনি (৩০) নামে এক যুবদল নেতা সহ বেশ ক’জন আহত হয়েছেন।
জানা গেছে, রোববার ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব এম হান্নান।
অনুষ্ঠান চলাকালে এক পর্যায়ে উপজেলা পরিষদ গেইটে ধানের শীষ মনোনীত প্রার্থীর সমর্থকদের সাথে সংসদ সদস্য এম এ হান্নানের সমর্থকদের সংঘর্ষ বাধে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ায় এবং ইট পাটকেল ও লাঠিসোটা নিক্ষেপের ঘটনায় ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যুবদলের দপ্তর সম্পাদক মেহেদী হাসান রনিসহ বেশ ক’জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ক’জন জানান, ধানের শীষের প্রার্থী সাবেক এমপি লায়ন হারুনের সমর্থকরা অনুষ্ঠান চলাকালে উপজেলা পরিষদ গেইটে অবস্থান নেন। এ সময় হঠাৎ করে বেশ কটি ককটেল বিস্ফোরণের পর উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে ইট পাটকেল নিক্ষেপ এবং লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আধা ঘন্টা স্থায়ী হামলা ও পাল্টা হামলার ঘটনায় উপজেলা পরিষদ গেইট এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ করে দেন।
এ ব্যাপারে সংসদ সদস্য এম এ হান্নান জানান, পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা আমার নেতাকর্মীদের ওপর হামলা করেছে। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা আগামীতে এদের প্রতিহত করবো।
অন্যদিকে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, উপজেলা পরিষদের অডিটোরিয়ামে রাজনৈতিক কর্মসূচি চলছিলো। পরিষদের বাইরে রাস্তায় দু পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।



