
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর শহরের ওয়্যারলেস বাজারে ইজারাদারদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করার মূল অভিযুক্ত বোরহান উদ্দিন গাজীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো : ফয়েজ আহমেদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
চাঁদপুর শহরের ওয়ারলেস বাজার ইজারাদার আরিফুল ইসলাম মিশু ও সফিক গাজীসহ ৬ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। রোববার বিকেল ৪টায় ওয়ারলেস মোড়ে এ অতর্কিত হামলার ঘটনাটি ঘটে। আহতরা হলেনঃ ওয়ারলেস বাজারের ইজারাদার আরিফুল ইসলাম মিশু (৩৮), সফিক গাজী (৪৩), সজিব গাজী (২৮), মানিক খান (৩০), সামির (২৫)। এদের মধ্যে গুরুত্বর আহত অবস্থায় আরিফুল ইসলাম মিশুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। চাঁদপুর সদর থানার এস আই (উপ-পরিদর্শক) জাহেদ হাসপাতালে এসে ঘটনা সম্পর্কে অবগত হন।
ইজারাদার সফিক গাজী জানান, চাঁদপুর পৌরসভার সকল নিয়ম মেনে ওয়ারলেস বাজারের ইজারা নেয়া হয়।
বাজারের পাশেরবোরহান গাজী, ফেরদৌস গাজী, এমরান গাজী, রেদওয়ান গাজীসহ কয়েকজন সড়কের জায়গায় অবৈধভাবে দোকান উঠিয়ে দেয়ার কথা বলে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে। পরে ব্যবসায়ীরা আমাদেরকে বিষয়টা অবগত করলে আমি ও মিশু সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করি।
এতে তারা ক্ষিপ্ত হয়ে দা, ছুরিসহ ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে রক্তাক্ত জখম করে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানে আলম ফয়সাল জানান, আহতদের মধ্যে মিশু নামের ব্যক্তির ডান হাতের বৃদ্ধা আঙ্গুলটি গুরুত্বর জখম হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার (ওসি) ফয়েজ আহমেদ জানান, ঘটনাটি শুনতে পেয়ে পুলিশ ওয়ারলেস বাজারে পাঠানো হয়। পরে আহতরা চলে আসায় পুলিশ হাসপাতালে যায় ও খোঁজ খবর নেয়। মূল অভিযুক্ত বোরহান উদ্দিন গাজীকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ।
এদিকে রোববার (২৪ মে ২০২৬) রাত সোয়া ৮টার দিকে ২ থেকে ৩শ’ লোকের একটি অস্ত্রধারী গ্রুপ ওয়্যারলেস বাজারে গিয়ে পুলিশের সামনেই কয়েকটি দোকানে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে বাজারের কয়েকটি দোকান পুড়ে যায় এবং পাশের মাদরাসাসহ আশপাশের অন্যান্য দোকানেরও ক্ষয়ক্ষতি হয়। স্থানীয় সূত্র জানায়, এদিন বিকেলে ওয়্যারলেস বাজার ইজারা নিয়ে বিরোধ ও চাঁদা দাবিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। এরই জেরে রাতের দিকে সংঘবদ্ধ একটি দল বাজার এলাকায় এসে অতর্কিতভাবে অগ্নিসংযোগ করে।
মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাজারজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। দোকানিরা যার যার মতো মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। খবর পেয়ে চাঁদপুর নতুন বাজার ফায়ার সার্ভিস ও পুরাণবাজার ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড়ো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের সময় ওয়্যারলেস এলাকার তিনটি গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েন। উৎসুক জনতার ভিড় ও আতঙ্কে পুরো এলাকায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ব্রিফিং করেন চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। তিনি জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হন।
এদিকে ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটির তদন্ত করছে।



