পেশাদারিত্বের উৎকর্ষতায় তিনটি চিঠিতে ধন্যবাদ পেলেন সওজ নির্বাহী প্রকৌশলী

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর চাঁদপুর জেলা সফরে অর্পিত সরকারি দায়িত্ব পালনে নিষ্ঠা, আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় প্রদান করায় আনুষ্ঠানিক ৩টি ধন্যবাদ চিঠি পেলেন মোহা. ইউনুস আলী।

তিনি বর্তমানে চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে চলতি দায়িত্বে রয়েছেন। সোমবার (২৫ মে ২০২৬) ধন্যবাদ চিঠিগুলো এ প্রতিবেদককে দেখিয়ে মানসিক উৎফুল্লতা প্রকাশ করেন ইউনুস আলী নিজেই। চিঠিগুলো দিয়েছেন চাঁদপুর সদর ও হাইমচর আসনের সাংসদ শেখ ফরিদ আহম্মেদ মানিক, হাজীগঞ্জ-শাহরাস্তির সাংসদ ইঞ্জি. মমিনুল হক এবং জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

মোহা. ইউনুস আলী জানান, গত ১৬ মে ২০২৬ তারিখে প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমন উপলক্ষে জেলার গুরুত্বপূর্ণ সড়কসমূহ মেরামত, সংস্কার, সাইন-সিগন্যাল স্থাপন, সেতু-কালভার্টের সৌন্দর্যবর্ধনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করায় আমাকে এই তিন পৃথক চিঠিতে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

এছাড়াও চিঠিতে আমার নিবিড় তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর সফরকালীন সড়কগুলোতে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত হওয়ায় কৃতজ্ঞতা জানানো হয়। মোহা. ইউনুস আলী আরও জানান, চিঠিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতেও আমি যাতে রাষ্ট্র ও জনগণের কল্যাণে একইভাবে গুরুত্বপূর্ণ অবদান রেখে কাজ করি।

তারা আমার ও আমার পরিবারের সর্বাঙ্গীণ মঙ্গল, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

আর এ চিঠিগুলো পেয়ে আমার নিজের কাছেও ভালো লাগছে। প্রকৃতপক্ষে এভাবেই যাতে সবসময় ভালো কাজের মূল্যায়ন করা হয় সে প্রত্যাশাই রাখছি। এ বিষয়ে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফরে সংশ্লিষ্ট কাজে ভালো দক্ষতা দেখানোর জন্যে এ চিঠি দিয়েছি।

সম্পর্কিত খবর