
স্টাফ রিপোর্টার : চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন ও তার আশপাশের এলাকায় বিভিন্ন সময় ঘটছে চুরি ও ছিনতাইয়ের ঘটনা।
এতে করে শহরবাসী ও ঈদে ঘরমুখো মানুষদের মাঝে বাড়ছে চুরির আতঙ্ক ও হতাশা। অত্র এলাকায় প্রায়শই মোবাইল চুরি, ওয়ালেট চুরি ও ছিনতাইয়ের অভিযোগ শোনা যায়।
রোববার (২৪ মে ২০২৬) দুপুর পৌনে ২টায় রেলওয়ে কোর্ট স্টেশনে এক অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটে। এদিন চট্টগ্রাম হতে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা সাগরিকা ট্রেনের যাত্রী মিতু আক্তার (৩৫), স্বামী আল আমিন দর্জি (৪১), বালুচর ডামুড্যা, শরীয়তপুরের বাসিন্দার ট্রাভেল ব্যাগ হতে মূল্যবান সোনার গহনা আর নগদ অর্থসহ প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের জিনিসপত্র চুরি হয়।
মিতু আক্তার তার সন্তান এবং ভাবীসহ চট্টগ্রাম হতে ডামুড্যায় শ্বশুর বাড়ির এবং নিজ বাড়ির আত্মীয়দের সাথে ঈদ করতে সাগরিকা ট্রেনযোগে চাঁদপুর কোর্ট স্টেশন এসে পৌঁছান দুপুর দেড়টায়। ট্রেন থেকে নেমে ভাবীকে না দেখে তার জন্যে স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। তার এক কাঁধে শিশু বাচ্চা ও আরেক কাঁধে ভারী ট্রাভেল ব্যাগ ছিলো। ভারী ব্যাগটি পায়ের কাছে রেখে ভাবীকে খুঁজছিলেন। কিছুক্ষণ পরেই মিতু তার ব্যাগের দিকে তাকিয়ে দেখেন যে, ব্যাগের চেইনটা খোলা। তৎক্ষণাৎ দেখেন, তার এই ব্যাগটির ভেতরে কাপড়চোপড়ের নিচে লুকিয়ে রাখা ছোট পার্সটি নেই। পার্সের ভেতরে দুটো সোনার চেইন, দুটো আংটি, একটি কানের দুল, নগদ ৪০ হাজার টাকা, মিতুর ব্যবহৃত মোবাইল, আইডি কার্ডসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিলো। যার সব চতুর চোর নিয়ে গেছে। কান্নাকাটি করে ভুক্তভোগী মিতু দুপুর দুটোয় ছুটে যান চাঁদপুর সদর মডেল থানায়।
সেখানে কর্মরত পুলিশ তাকে রেলওয়ে পুলিশের শরণাপন্ন হবার পরামর্শ দেন। মিতু সদর থানা হতে বেরিয়ে দুপুর আড়াইটায় বড় স্টেশন রেলওয়ে পুলিশ অফিসে গিয়ে দেখেন তাদের কার্যালয়ের দরজায় তালা ঝোলানো। পরে মিতু নিরূপায় হয়ে তার এক দূরের আত্মীয়ের নিকট বড় স্টেশন মাছ ঘাটে যান।
ভুক্তভোগী মিতুর সাথে আলাপকালে মিতু জানান, আমার স্বামীর ব্যবসার সুবাদে আমি সন্তানদের নিয়ে চট্টগ্রামের কাজীর দেউরিতে বসবাস করি। আমার স্বামী আমাকে নগদ ৪০ হাজার টাকা দিয়ে আজ বাড়িতে পাঠিয়েছেন আত্মীয় স্বজনদের জন্যে ঈদের কেনাকাটা আর কোরবানি দেবার জন্য। অথচ বাড়ির কাছে এসে চতুর চোর আমাদের ঈদ আনন্দ, কোরবানি সব চুরি করে নিয়ে গেলো।
সচেতন মহলের দাবি, আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষদের জানমালের নিরাপত্তায় সাগরিকা ট্রেন এবং মেঘনা ট্রেন যখন প্লাটফর্মে আসবে, তখন যেনো পোশাকধারী পুলিশের টহলের ব্যবস্থা করা হয়। এ বিষয়ে তারা চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের সুদৃষ্টি কামনা করেছেন।



