
স্টাফ রিপোর্টার : চাঁদপুর শহরের গোয়াখোলা এলাকায় একটি অসহায় পরিবারের চলাচলের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।
দীর্ঘদিন ধরে পথ সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। তাদের দাবি, এখন তারা কার্যত নিজেদের বাড়িতেই অবরুদ্ধ হয়ে পড়েছেন। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, কুন্ডবাড়ি সংলগ্ন এলাকায় মৃত মতিন গাজীর পরিবার বহু বছর ধরে বসবাস করে আসছে।
আগে এলাকায় এত ঘরবাড়ি না থাকলেও সম্প্রতি পার্শ্ববর্তী সুভাষ পাল ও বাদল পালের পরিবার তাদের জমিসহ চলাচলের পথ অন্য একটি পরিবারের কাছে বিক্রি করে দেয়। পরে নতুন ক্রেতারা এসে লোকজন নিয়ে ওই জায়গা দখল করে এবং পরিবারের একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠে।
শুধু তাই নয়, পাশের মন্দির কমিটিও আগের চেয়ে আরও সামনে বাউন্ডারি নির্মাণ করে জায়গা দখল করেছে বলেও দাবি পরিবারের। এর ফলে প্রতিদিন ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে পড়েছে তাদের জন্য। পরিবারটির ভাষ্য অনুযায়ী, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে স্বাভাবিকভাবে হাঁটার মতো পর্যাপ্ত জায়গাও নেই। অসুস্থ কাউকে দ্রুত হাসপাতালে নেওয়াও এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ।
ভুক্তভোগী নারী আরও অভিযোগ করেন, চলাচলের পথ নিয়ে কথা বলতে গেলেই তাঁর একমাত্র ছেলে সুমন গাজীকে বিভিন্নভাবে হুমকি ও হয়রানি করা হচ্ছে।
এমনকি গুম ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, এই বিরোধের জের ধরে তাঁর স্বামী জীবিত থাকাকালেও মানসিকভাবে চাপে ছিলেন এবং নিয়মিত হয়রানির শিকার হন।
একপর্যায়ে এসব সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান বলেও জানান তিনি। বর্তমানে একমাত্র উপার্জনক্ষম ছেলে সুমন গাজীকে নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটছে পরিবারটির। তাই দ্রুত সমস্যার সমাধানে চাঁদপুর পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।



