
স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক এ কে এম সলিম উল্যা সেলিম বলেছেন, স্বপন সেনগুপ্তকে আমি কাছ থেকে দেখেছি ।তিনি একজন ভালো মানুষ ছিলেন।
তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে চিরকাল। তিনি স্বর্গবাসী হোন। তিনি বলেন, সংগীত নিকেতন একটি প্রাচীন সংগঠন। ১৯৬৪ সালে এই সংগঠনটি সৃষ্টি হয়েছে। আমিও সংগীত নিকেতনের সাথে জড়িত ছিলাম। স্বপনদার ধ্যান জ্ঞান ছিল সংগীত নিকেতন কে ঘিরে। যারা এখন সংগীত নিকেতনের সাথে জড়িত আছেন তারা স্বপনদার স্বপ্নকে বাস্তবায়ন করবেন । সবাই সংগীত নিকেতনের জন্য কাজ করবেন। আমিও কাজ করবো এই সংগঠনটির জন্য।
তিনি আরো বলেন , দেশে শিল্প সংস্কৃতির বিকশিত হওয়া প্রয়োজন । তাহলে মাদক নির্মূল হবে । শিল্প-সংস্কৃতিতে জড়িত থাকলে আগামী প্রজন্মের আমাদের সন্তানরা বিপথগামী হবে না। তাহলেই সমাজ থেকে মাদক নির্মূল হবে।
তিনি চাঁদপুর সংগীত নিকেতনের উদ্যোগে সংগঠনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্তের স্মরণ সভায় এ কথা বলেন।
গতকাল বিকেলে কোড়ালিয়াস্হ চাঁদপুর সঙ্গীত নিকেতন কার্যালয়ের চন্দ্র কান্ত সাহা মিলনায়তনে সংগঠনের পরিচালক বিমল চন্দ্রদের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, গণফোরাম সভাপতি এডভোকেট সেলিম আকবর, শিক্ষক কল্পনা দাস, এডভোকেট রফিকুজ্জামান রনি, সংগঠনের অধ্যক্ষ বিচিত্রা সাহা, রফিক আহমেদ মিন্টু, তৃপ্তি সাহা , বিশ্বনাথ দাস প্রমুখ।
অনুষ্ঠানে স্বপন সেনগুপ্তের সন্তানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শুরুতে এক মিনিট দাঁড়িয়ে সকলে নিরবতা পালন করেন। পরে স্বপন সেনগুপ্তের স্মরণে সংগীত পরিবেশন করেন সংগীত নিকেতনের ছাত্র-ছাত্রী বৃন্দ।



