
স্টাফ রিপোর্টার : শরীয়তপুর সদর হাসপাতালে ডাঃ নাসির ইসলাম এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও চিকিৎসক স্বাস্থ্যকর্মীর সুরক্ষা আইনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) চাঁদপুর জেলা শাখা ।
সোমবার (১৮মে) সকালে হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও মেডিকেল স্টাফরা ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অংশগ্রহণ করেন। শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত ডাঃ নাসির ইসলাম এর উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলা দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। হাসপাতাল একটি সেবামূলক ও নিরাপদ কর্মপরিবেশ হওয়া উচিত, কিন্তু বারবার হামলা, হুমকি ও হয়রানির ঘটনায় চিকিৎসকরা আতঙ্কের মধ্যে দায়িত্ব পালন করছেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
একই সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ‘চিকিৎসক-স্বাস্থ্যকর্মী সুরক্ষা আইন’ প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, স্বাস্থ্যসেবাকে নিরাপদ রাখতে হলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। মানববন্ধনে বক্তারা আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হলে স্বাস্থ্যসেবার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হবে এবং সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে। তাই স্বাস্থ্যখাতে কর্মরত সকল পেশাজীবীর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
মানববন্ধনে সভাপতির বক্তব্য রাখেন, ড্যাব চাঁদপুর জেলা শাখার সভাপতি ডাঃ মোবারক হোসেন চৌধুরী। আরো বক্তব্য রাখেন, সাবেক সহসভাপতি ডাঃ জাহাঙ্গীর খান, চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এ কে এম মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার ও ড্যাবের নেতা ডাঃ সৈয়দ আহমেদ কাজল। মানববন্ধনে উপস্থিত ছিলেন, চাঁদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ( মেডিসিন) ডাঃ সাইফুল ইসলাম সোহেল, সহযোগী অধ্যাপক ( অর্থোপেডিক) ডাঃ সাব্বির হোসেন, চাঁদপুর ২৫০ শয্যা হাসপাতালের সিনিয়র কনসার্টেন্ট (শিশু) ডাঃ আব্দুল আজিজ মিয়া, হাসপাতালের কনসার্টেন্ট (মেডিসিন) ডাঃ সোহেল আহমেদ, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ চৌধুরী,
হাসপাতালের কনসালটেন্ট (অর্থোপেডিক) ডাঃ শাহাদাত হোসেন, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (এনেস্থেসিয়া) ডাঃ সাইফুল ইসলাম, হাসপাতালের কনসালটেন্ট (সার্জারি) ডাঃ নূর ই আলম, হাসপাতালের সহকারী রেজিস্টার (মেডিসিন) ডাঃ জি এম ফারুক, ডাঃ হুমায়ুন কবির, ডাঃ রাকিব মিয়া, চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের (এম ও) ডাঃ এ কে এম জিলানী সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।



