মতলব উত্তরে নয় হাজার লিটার ডিজেল ও নয় শত কেজি প্লাস্টিক দানা উদ্ধার : ৫ লক্ষাধিক টাকার পণ্য জব্দ

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে মতলব উত্তর উপজেলার কালিপুর বাজার সংলগ্ন লোকমান ঢালির বসতবাড়িতে এনএসআই, মতলব থানা পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা অভিযান পরিচালনা করে অবৈধভাবে ৯০০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা মজুদ করায় ১ লক্ষ টাকা জরিমানা ও ৫ লক্ষাধিক টাকার পণ্য জব্দ করা করা হয়েছে।

মঙ্গলবার (৫মে) মতলব উত্তর থানা পুলিশের সহযোগিতায় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে ৯০০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা মজুদ করার অপরাধে লোকমান ঢালী, কালিপুর, মতলব উত্তর, চাঁদপুরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় নগদ ১,০০০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা করে তা আদায় করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক ৫ লক্ষাধিক টাকার সমপরিমাণ মূল্যের ৩৪০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করে স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য আলো বেগমের জিম্মায় রাখা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা ও মতলব উপজেলা প্রশাসন কর্তৃক পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। উল্লেখ্য, ভবিষ্যতে এ ধরণের অবৈধ কর্মকান্ড থেকে বিরত থাকার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে উক্ত ব্যক্তিকে সতর্ক করে দেওয়া হয়।

সম্পর্কিত খবর