
চাঁদপুর খবর রির্পোট: শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক চোরাইকৃত ২টি অটোরিক্সা, ১টি অটোরিক্সার কাটা অংশবিশেষ, ১টি ১২৫ সিসি ডিসকভার মটরসাইকেল ও ৫টি অটোরিক্সার ব্যাটারী উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
৩ মে (রবিবার) বিকালে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এর দিক-নির্দেশনায় এসআই(নিঃ) আরিফ হোসাইন ও এএসআই(নিঃ) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি থানাধীন পৌরসভার ৪ নং ওয়ার্ড ঘুঘুশাল সাকিনের নতুন বাড়ীর মৃত আব্দুল মান্নানের ঘরের উত্তর পাশে খালি জায়গায় অভিযান পরিচালনা করিয়া আন্তঃজেলা অটোরিক্সা ও মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ ইউসুফ(৪০), পিতা-মৃত মোখলেছুর রহমান, মাতা-কৈতুরি, সাং-নাইনগর (হাজী বাড়ী), মেহের উত্তর ইউপি, থানা-শাহরাস্তি, জেলা-চাঁদপুর কে গ্রেফতার করা হয়৷
এসময় আসমীর কাছ থেকে চোরাইকৃত ২ টি অটোরিক্সা, ১ টি অটোরিক্সার কাটা অংশবিশেষ, ১টি কালো-লাল রংয়ের ১২৫ সিসি ডিসকভার মটরসাইকেল ও ৫ অটোরিক্সার ব্যাটারীসহ আটক করা হয়।
আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তথ্য প্রাপ্ত হয়ে শাহরাস্তি থানাধীন সাহাপুর সাকিনের বাগানবাড়ী ব্রীজের উপর হইতে আন্তঃজেলা অটোরিক্সা ও মোটরসাইকেল চোর চক্রের আরো ৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়।
চোর চক্রের অন্যান্য সদস্যদেরকে গ্রেফতারসহ আরো চোরাই মালামাল উদ্ধারের জন্য অভিযান অব্যাহত আছে। ধৃত আন্তঃজেলা অটোরিক্সা ও মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



