চাঁদপুরে ভুয়া ডাক্তারসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভুয়া ডিগ্রিধারী চিকিৎসকসহ চার প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার চাঁদখার বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মিথ্যা ডিগ্রি ব্যবহার করে রোগী দেখা ও চিকিৎসাসেবা প্রদানের অপরাধে মাতৃ মেডিকেল হলের শুধাংশু চন্দ্র শর্মাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে রামকৃষ্ণ হোমিও ফার্মেসিকে ৫ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বাসি খাবার সংরক্ষণের দায়ে আজিজ হোটেলকে ৫ হাজার টাকা এবং মূল্যতালিকা না থাকায় মির্জা সুইটসকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার আদেশ দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং পচা-বাসি খাবার ধ্বংস করা হয়। পাশাপাশি বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সম্পর্কিত খবর