
চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষে জেলা পুলিশের উদ্যোগে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমানের কর্মকালীন দায়িত্বশীলতা, দক্ষতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার প্রশংসা করেন। চাঁদপুর জেলা পুলিশের বিভিন্ন কর্মকাণ্ডে তাঁর অবদান এবং সহকর্মীদের সঙ্গে তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করেন তারা।
বিদায়ী কর্মকর্তা মো. লুৎফর রহমান তাঁর বক্তব্যে চাঁদপুর জেলা পুলিশে দায়িত্ব পালনকালের বিভিন্ন স্মৃতিচারণ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে পুলিশ সুপারসহ সহকর্মীদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়। আবেগঘন পরিবেশে সহকর্মীদের ভালোবাসা ও শুভকামনা নিয়ে চাঁদপুর জেলা পুলিশ থেকে বিদায় নেন তিনি।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




