
চাঁদপুর খবর রিপোর্ট : সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে চাঁদপুরে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান। সভায় চাঁদপুর জেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা জন্মাষ্টমী উদযাপনের সার্বিক পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে উৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন প্রস্তাব ও মতামত প্রদান করেন।
সভায় জন্মাষ্টমী উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার, মন্দির ও সংশ্লিষ্ট ধর্মীয় স্থাপনাকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিতকরণসহ সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উৎসব চলাকালে জেলা পুলিশের সংশ্লিষ্ট সকল ইউনিটকে সতর্ক অবস্থানে থাকার এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ দেন। পাশাপাশি মন্দির ও জন্মাষ্টমী উদযাপনস্থলগুলোতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়,
সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার, যুগ্ম সম্পাদক গোপাল সাহা, চাঁদপুর সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর পূজা পরিষদের সভাপতি নেপাল সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে শুভ জন্মাষ্টমী উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হবে।



