
মোঃ শামছুদ্দোহা সেলিম হাইমচর সংবাদদাতা :বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য খাতে সীমাহীন দুর্নীতি ও লুটপাট চালানো হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকার স্বাস্থ্য খাতের উন্নয়নে কোনো নজর দেয়নি। নামমাত্র বরাদ্দ দিয়ে নিজেদের লোকজন সব অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করেছে।
হাসপাতালগুলোর বিল্ডিং ভঙ্গুর অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং অতিরিক্ত দামে নিম্নমানের যন্ত্রপাতি কিনে লুটপাট করা হয়েছে। বর্তমান সরকার এই ভঙ্গুর অবস্থা থেকে দেশের স্বাস্থ্য খাতকে পুনরুজ্জীবিত করতে নিরলস কাজ করে যাচ্ছে।
রোববার (৯ আগস্ট) চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। এর আগে তিনি হঠাৎ হাসপাতালটি পরিদর্শনে গিয়ে এর অব্যবস্থাপনা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন এবং দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশের সব উপজেলা হাসপাতালকে ১৯ শয্যা থেকে ৩১ শয্যায় উন্নীত করেছিলেন। পরবর্তীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেগুলোকে ৫০ শয্যায় উন্নীত করেন। আর বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী, পর্যায়ক্রমে দেশের সব উপজেলা হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। চলতি বছরই হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় রূপান্তরের কাজ শুরু হবে।
তিনি বলেন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে প্রতিটি ওয়ার্ডে তিনটি করে কমিউনিটি ক্লিনিক বা ফ্যামিলি কেন্দ্র স্থাপন করা হবে। সেখানে ডাক্তার ও ডেলিভারি রুমের ব্যবস্থা থাকবে। ফ্যামিলি প্ল্যানিং ও হেলথ প্ল্যানিং এক ছাতার নিচে এনে ‘ফ্যামিলি হেলথ কেয়ার’-এর মাধ্যমে মানুষকে সেবা দেওয়া হবে। প্রথম ধাপে হাইমচরে এটি বাস্তবায়ন করা হবে।
নতুন ভবনের কাজ দ্রুত শেষ করে পুরনো ভবনের সঙ্গে যুক্ত করা হবে। নতুন ভবনে অত্যাধুনিক প্যাথলজি ল্যাব এবং পুরুষ ও নারীদের জন্য আলাদা ফিজিওথেরাপি সেন্টার স্থাপন করা হবে। এছাড়া আগামীতে পর্যায়ক্রমে ১০ শয্যা বিশিষ্ট ডায়ালিসিস কিডনি সেন্টারও চালু করা হবে। হাসপাতালের বেহাল ওয়াশরুম দ্রুত সংস্কারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। ডাক্তারদের নিরাপত্তার জন্য আনসার সদস্য নিয়োগ করা হয়েছে। এছাড়া হাইমচরের ভৌগোলিক অবস্থান বিবেচনা করে একটি ‘ওয়াটার অ্যাম্বুলেন্স’ দেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদন্নবী মাছুম, উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্লাহ বেপারী, হাইমচর প্রেসক্লাব সভাপতি মো. মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।



