শাহরাস্তিতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

স্বপন কর্মকার মিঠুনঃ চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার দোয়াভাঙ্গা এলাকায় নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় ভাড়া বাসায় নাজমুন নাহার স্বপ্না (৩৩) নামে ২ সন্তানের জননী রহস্যজনক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

স্বপ্না ২৩ সালে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।দোয়াভাঙ্গা এলাকায় নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলা হতে পুলিশ স্বপ্নার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। স্বপ্নার বড় ভাই মোতালেব হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ জুলাই) দোয়াভাঙ্গা নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসায়। পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত নাজমুন নাহার স্বপ্না কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইশ গ্রামের বাসিন্দা। নিহত স্বপ্নার মোট তিনটি বিয়ে হয়েছিল এর মধ্যে দুটি বিচ্ছেদ হয়েছে। সবশেষ তিনি শাহরাস্তি উপজেলা বাসিন্দ প্রবাসী রাসেল চৌধুরী রাজুকে বিয়ে করে ওই উপজেলার ভোটার হন।

স্বপ্না ২০২৩ সালে শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ‘কলস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। স্থানীয় বাসিন্দারা জানান, চার দিন আগে তিনি নিউ লাইফ হাসপাতাল ভবনের পঞ্চম তলায় দুই কক্ষবিশিষ্ট একটি বাসা ভাড়া নেন। সোমবার সকাল আনুমানিক আটটার দিকে তার শিশু সন্তানদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। পরে বাসার একটি কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। বাসার মালিকপক্ষের সদস্য মেহেদী হাসান বলেন, চার দিন আগে রাসেল চৌধুরী রাজু নামে এক প্রবাসী এই নারীর স্বামী পরিচয়ে বাসাটি ভাড়া নেন।

খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ পরিদর্শক (এসআই) শমশেদ হোসেন ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে এটি ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা। ময়নাতদন্তের প্রতিবেদন, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামত এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তদন্ত শেষ হওয়ার আগে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।

সম্পর্কিত খবর