
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে টানা অতিবৃষ্টি ও বন্যার প্রভাবে কাঁচা রাস্তাগুলো বেহাল অবস্থায় পড়েছে। কাঁদা ও পানিতে একাকার হয়ে যাওয়ায় এলাকাবাসীর স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া কাঁচা রাস্তাগুলো অতিবৃষ্টি, বন্যা এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিদিন হাজারো মানুষ এবং ছোট-বড় যানবাহন এসব রাস্তা ব্যবহার করলেও বর্তমানে অনেক স্থানে হাঁটাচলাই কষ্টসাধ্য হয়ে পড়েছে। এ পরিস্থিতিতে ৯নং বালিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. জাহিদ হোসেন খান সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে ৫টি কাঁচা রাস্তা জরুরি ভিত্তিতে সংস্কারের আবেদন করেছেন। আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, জনগণের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
সংস্কারের জন্য আবেদন করা রাস্তাগুলো হলো—খানারপাড় পাকা রাস্তা থেকে বারেক শেখের মসজিদ পর্যন্ত কাঁচা রাস্তা, নুরু বেপারীর দোকান থেকে রঘুনাথপুর পাকা সড়ক পর্যন্ত কাঁচা রাস্তা, লতিফের দোকান থেকে গফুর গাজীর দোকান পর্যন্ত কাঁচা রাস্তা, ওলু মালের দোকান থেকে গাইনগো দিঘি পর্যন্ত কাঁচা রাস্তা, কালা গাজীর বাড়ি থেকে কাসিম গাজীর বাড়ি হয়ে রঘুনাথপুর পাকা সড়কের মাথা পর্যন্ত কাঁচা রাস্তা অতি দ্রুত সংস্কারের আবেদন জানিয়েছেন।
২ নং ওয়ার্ড ইউপি সদস্য জাহিদ হাসান জানান এসব রাস্তা দ্রুত সংস্কার করা হলে এলাকার হাজারো মানুষের যাতায়াত সহজ হবে এবং শিক্ষা, কৃষি ও দৈনন্দিন কর্মকাণ্ডে ভোগান্তি অনেকাংশে কমে আসবে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বরাদ্দ দিয়ে রাস্তাগুলো সংস্কারের উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন। বর্তমানে বর্ষা মৌসুমে কাদা-পানির কারণে প্রতিদিনই চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে তারা অভিযোগ করেন। কাঁচা রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় এলাকাবাসী একের অপরের হাত ধরে মানববন্ধন করেন।



