সাহিত্য চর্চার চারদশকের বাতিঘর সাহিত্য একাডেমি চাঁদপুর

: সুমন কুমার দত্ত : মাধ্যমিক পড়ুয়া একটি ছেলে মনের ভেতর ভয় ও সংশয় নিয়ে মফস্বল থেকে ছুটে এসে প্রবীণদের মাঝে জরাজীর্ণ একটা ভবনের ফাটল ধরা ফ্লোরে পুরাতন ছেঁড়া কার্পেটে বসে সাহিত্য আড্ডায় যুক্ত হওয়ার প্রথম দিনের উপলব্ধিময় স্মৃতি, পরবর্তী সময়ে আড্ডায় শ্রেষ্ঠ আড্ডারু নির্বাচিত হওয়ার আনন্দ এবং সর্বশেষ একাডেমির ইতিহাসে প্রথম প্রত্যক্ষ ভোটে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার সৌভাগ্য ও অনুভুতি। এইসব বিষয়ে লিখতে গেলে অনুভূতির শব্দ সংখ্যা বাধ্যবাধকতার জাল ছিঁড়ে বহুগুণ বেড়ে লম্বা হবে নিশ্চিত। কথা রাখলাম; ভিন্ন পরিসরে তা লিখবো একদিন। আজ বরং শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপনে ঋণের বোঝা কিছুটা হালকা করার চেষ্টা করছি।

প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করছি সাহিত্য একাডেমির প্রতিষ্ঠায় যাঁরা যুক্ত ছিলেন তাঁদের সকলকে, বিশেষত প্রতিষ্ঠাতা-সভাপতি এস.এম শামসুল আলম, প্রতিষ্ঠাতা মহাপরিচালক প্রফেসর খুরশেদুল আলমসহ একাডেমির প্রয়াত প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য ও অন্য সদস্যদের। পাশাপাশি প্রয়াতদের আত্মার শান্তি কামনাও করি বিশেষভাবে।

কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি চাঁদপুরের জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি (সাবেক) মোহাম্মদ মোহসীন উদ্দিন স্যারকে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে চব্বিশের ৫ই আগস্ট পরবর্তী দেশের বৈরী পরিস্থিতির মধ্যেও অত্যন্ত আন্তরিকতা ও দৃঢ়তার সাথে সাহিত্য একাডেমির ইতিহাসে তিনিই সর্বপ্রথম প্রত্যক্ষ ভোটের ব্যবস্থা গ্রহণ করেন এবং একাডেমিকে একটি নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ উপহার দিতে সক্ষম হোন। তাঁর এই অকৃত্রিমতায় আজ সাহিত্য একাডেমি নির্বাচিত একটি কমিটির মাধ্যমে বেশ সরব হয়েছেন। তাঁর কাছে সবসময়ের জন্য বাধিত থাকলাম।

কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের বর্তমান জেলা প্রশাসক ও সাহিত্য একাডেমির সভাপতি আহমেদ জিয়াউর রহমান স্যারের প্রতিও। একাডেমির কার্যনির্বাহী পরিষদের পঞ্চম মিটিংয়ে সাহিত্য একাডেমির ভবন সহসায় পুনর্নির্মাণ ও উন্নয়ন কাজের যুগান্তকারী একটি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। আমার বিশ্বাস সময়ের দাবি হিসেবে এই সিদ্ধান্তটি যত দ্রুত বাস্তবায়ন হবে ততই সীমাবদ্ধতা কেঁটে একাডেমির নিয়মিত কার্যক্রম আরো গতিশীল ও ত্বরান্বিত হবে। আমাদের ডিসি মহোদয় সাহিত্য ও সংস্কৃতির বিকাশে খুবই আন্তরিক এবং তিনি নিজেও একজন প্রকৃত সংস্কৃতি চর্চার মানুষ। ইতিমধ্যে তিনি রবীন্দ্র ও নজরুল সঙ্গীত পরিবেশন করে চাঁদপুরের সাংস্কৃতিক অঙ্গনে বেশ সমাদৃত ও আলোড়ন সৃষ্টি করেছেন। একজন সৃজনশীল মননের মানুষ হিসেবে তিনি চাঁদপুরের সাহিত্য চর্চার এই বাতিঘরটিকে আরো উন্নত কাঠামোয়ে নির্মাণে তাঁর আন্তরিক সহযোগিতার বিশেষ দৃষ্টি রাখবেন বলে বিশ্বাস করি মনেপ্রাণে।

সাহিত্য একাডেমির সাবেক মহাপরিচালক কাজী শাহাদাত ও জেলা শিল্পকলার সাবেক কালচারাল অফিসার আবু সালেহ মো.আবদুল্লাহ (সৌম্য সালেক) সহ আরো যাঁরা মধ্যবর্তী সময়ে তালাবদ্ধ নিরবতায় আচ্ছন্ন একাডেমিকে সরব করতে গৌরচন্দ্রিকায় অনুপ্রেরণা যুগিয়েছেন তাঁদের সকলের কাছেও ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা।

বর্তমান মহাপরিচালক কাদের পলাশ একজন পরিশ্রমি ও চৌকস মানুষ। তাঁর আন্তরিক সদিচ্ছায় এখন প্রতিদিনই বিকেল হতে রাত অব্ধি আলো ঝরে জোড়া পুকুর পাড়ের ৪০ বছরের এই ঘরটিতে। আগত লেখকদের হাজিরায় প্রতিদিনই প্রায় পনেরো বিশ ছুঁই ছুঁই। একাডেমি এখন মুখরিত; নিত্যদিনের উৎসবমুখর আড্ডায়।

সাহিত্য একাডেমির সকল ভালো কিছুর লক্ষে পরিচালকদের ভূমিকাও বেশ আন্তরিক। বিশেষত একাডেমির পরিচালক (গবেষনা) মুহাম্মদ ফরিদ হাসানের একাডেমি কেন্দ্রিক ভাবী ভাবনার আকাশ বিস্তৃত এবং অভিনবত্ব তাড়নায় তিনি হেঁটে চলছেন একান্তে। একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্যরাও বেশ সহযোগিতামূলক মনোভাবাপন্ন এবং প্রতিটি কাজেই তাঁদের অংশগ্রহণ ইতিবাচক। বয়োজ্যেষ্ঠ হিসেবে আশীর্বাদের ছায়া হয়ে আছেন একাডেমির সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী।

এছাড়াও সাধারণ সদস্য যাঁরা আছেন তাঁরা সাহিত্য একাডেমির প্রাণ। আমি ভীষণভাবে তাঁদের স্মরণ করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাঁদের মূল্যবান রায়েই আমরা বর্তমান পর্ষদ কাজ করার সুযোগ পেয়েছি। এই কাজের প্রসঙ্গে কয়েক লাইন লিখতে চাই :

৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চমৎকার কিছু কাজ হয়েছিল। এরমধ্যে ৩৯তম স্মারক ‘উছল’ প্রকাশনার কাজটি বেশ চমকপ্রদ। এককথায় বলা চলে, এটি তথ্যবহুল মলাটবদ্ধ একটি দলিল ছিলো। পাশাপাশি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে টানা সাতদিন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজনও ছিলো চোখে পড়ার মত। সেই ধারাবাহিকতায় এইবছরও সাহিত্য একাডেমি, চাঁদপুরের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিশেষ কলেবরে ক্রোড়পত্র প্রকাশসহ দশদিন দিনব্যাপী নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

এবারের আয়োজনের প্রত্যেকটিতে ছিলো ভিন্নতা এবং এই আয়োজনগুলো একাডেমির চার দেয়ালে সীমাবদ্ধ না রেখে প্রান্তিক পর্যায় ছড়িয়ে দিতে কয়েকটি উপজেলাসহ শহর ও শহরের বাইরে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষ উপহার প্রদান, দেয়ালিকা প্রকাশ, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চাঁদপুর আগমন দিবস উপলক্ষে আলোচনা সভা, কবিতা পাঠ ও আলোচনা সভা, দেশবরেণ্য কথাসাহিত্যিক আনিসুল হক-এর অংশগ্রহণে লেখালেখি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, শোভাযাত্রা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বইপাঠ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতাসহ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা উল্লেখযোগ্য। এছাড়াও দশদিনের দিনব্যাপী অনুষ্ঠানমালার তালিকা অনুযায়ী সাহিত্য একাডেমির প্রয়াত সদস্য ও লেখকদের স্মরণে মিলাদ, দোয়া ও প্রার্থনাও অনুষ্ঠিত হয়।

আমার জানার সীমাবদ্ধতায় যতটুকু মনে পরে সাহিত্য একাডেমির প্রায় চারদশকের ইতিহাসে ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পরবর্তী ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন; এই দুটো আয়োজনই নিঃসন্দেহে বৃহৎ পরিসরের এবং এই পরিসরের বিস্তৃতি আরও বহুগুণ হবে সাহিত্য একাডেমির শুভানুধ্যায়ীদের আশীষের ছায়ামেখে।

৪০তম বছরের এই অগ্রযাত্রায় সাহিত্য একাডেমি, চাঁদপুরের সকল শুভানুধ্যায়ীদের অভিনন্দন ও
শুভেচ্ছা নিরন্তর। সাহিত্য একাডেমি আশু গৃহে সমাদরে সাহিত্য চর্চার আঁতুড়ঘর হবে সেই প্রার্থনা সর্বান্তঃকরণে। সাহিত্য একাডেমি, চাঁদপুরের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করে আজ শেষ করছি।

নির্বাহী সদস্য, সাহিত্য একাডেমি, চাঁদপুর

সম্পর্কিত খবর