চাঁদপুরে নয় বছরের শিশুর সাথে অনৈতিক কাজ করার ঘটনায় মূল অপরাধী আটক

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে ৯ বছরের এক শিশুকে কলাবাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে অবশেষে মূল অভিযুক্তকে আটক করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

চাঁদপুর শহরের জিটি রোড এলাকার একটি কলাবাগানে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত রাকিবুল হাসান সবুজকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, গত ৪ জুলাই সকালে শিশুটি বন্ধুদের সঙ্গে খেলছিল।

এ সময় অভিযুক্ত তাকে আম কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে কলাবাগানে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়।

পরে শিশুটি বাড়ি ফিরে পরিবারের সদস্যদের ঘটনাটি জানায়। এরপর আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে শনাক্ত করেন স্বজনরা। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসস্ট্যান্ড এলাকা থেকে রাকিবুল হাসান সবুজকে আটক করে পুলিশ।

চাঁদপুর মডেল থানার এসআই আওলাদ হোসেন জানান, সিসিটিভির সূত্র ধরেই অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে শিশুটির পরিবার এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। তাদের ভাষ্য, এমন নৃশংস অপরাধের সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব হবে।

সম্পর্কিত খবর