চাঁদপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত ‘বিশ্ব খাল’- এ ১০ হাজার মাছের পোনা অবমুক্ত

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত ‘বিশ্ব খাল’-এ দেশীয় বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

রোববার সকালে শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকার বিশ্ব খালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের ব্যক্তিগত উদ্যোগে ও অর্থায়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নিজ বাড়ি ‘মুনিরা ভবন’-এর পুকুর থেকে আনা মাছের পোনাগুলো তাঁর পক্ষে বিশ্ব খালে অবমুক্ত করেন শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ।

জানা যায়, খালের জীববৈচিত্র্য সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহেও এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের অর্থায়নে বিশ্ব খালে প্রায় ১০ হাজার দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। একই সঙ্গে খালের দুই তীরের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বিভিন্ন দেশীয় ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ করা হয়েছে।

স্থানীয়দের আশা, এ ধরনের উদ্যোগের ফলে বিশ্ব খালের পরিবেশ ও জীববৈচিত্র্য সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবে।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর