
স্টাফ রিপোর্টার : বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাজলিসুল মুফাসসিরীন চাঁদপুর জেলার সভাপতি ও শাইখুল হাদীস হযরত মাওলানা নূরুজ্জামান হুজুরের আশু সুস্থতা ও নেক হায়াত কামনায় গতকাল শনিবার (৪ জুলাই ) চাঁদপুর শহরের ট্রাক রোডস্থ দারুসসালাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামপুর গাছতলা দরবারের পীর সাহেব আল্লামা খাজা মো : অলিউল্লাহ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, আলেমে দ্বীনগণ জাতির জন্য অমূল্য সম্পদ। তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। তিনি শাইখুল হাদীস নূরুজ্জামান হুজুরের দ্রুত আরোগ্য কামনায় সকলের প্রতি আন্তরিক দোয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাজলিসুল মুফাসসিরীন চাঁদপুর জেলার প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। তিনি নূরুজ্জামান হুজুরের ইলমি অবদান, কুরআন-সুন্নাহভিত্তিক দাওয়াতি কার্যক্রম এবং দেশব্যাপী দ্বীনি শিক্ষার প্রসারে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাজলিসুল মুফাসসিরীন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি শাইখুল হাদীস আল্লামা আবু নছর আশরাফী, ।
তিনি বলেন, আল্লাহ তাআলা যেন নূরুজ্জামান হুজুরকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং তাঁর মাধ্যমে দ্বীনের খেদমত আরও দীর্ঘদিন অব্যাহত রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাজলিসুল মুফাসসিরীন চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মো : আবুবকর মাহমুদ।
এছাড়াও অনুষ্ঠানে মাজলিসুল মুফাসসিরীনের জেলা নেতৃবৃন্দ, শহরের বিভিন্ন মসজিদের খতিব, ইমাম, ওলামায়ে কেরাম, দ্বীনি শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে শাইখুল হাদীস নূরুজ্জামান হুজুরের দ্রুত সুস্থতা, দীর্ঘ নেক হায়াত এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে উপস্থিত মুসল্লিরা আবেগঘন পরিবেশে মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করেন।



