পুলিশ সুপারের নেতৃত্বে চাঁদপুর ট্রাফিক বিভাগের একযোগে বিশেষ অভিযান

আহম্মদ উল্যাহ : সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানজট নিয়ন্ত্রণ এবং যাত্রীসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চাঁদপুর জেলায় একযোগে ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের অংশ হিসেবে চাঁদপুর সদর ওয়ারলেস মোড়ে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে ট্রাফিক তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।

একই সময়ে বাসস্ট্যান্ড মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূরের নেতৃত্বে এবং বাবুরহাট মোড়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।

এছাড়াও জেলার সকল থানা এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের নেতৃত্বে একযোগে ট্রাফিক অভিযান পরিচালিত হয়। এ সময় ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে চালকদের সচেতন করা হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিত করতে এবং সাধারণ মানুষের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর