চাঁদপুরে ৯৩ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ৩৯ প্রতিষ্ঠান পেল ৩৫ লাখ টাকার অনুদান

মহসিন হোসাইন।। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে চারদিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দেশের ৬৪ জেলা ও ৭৪টি উপজেলায় একযোগে ভার্চুয়ালি এ কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, শিশুদের ছোটবেলা থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শের সঙ্গে পরিচিত করে তুলতে দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নজরুলচর্চার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে নজরুলের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও দেশপ্রেমের আদর্শ ছড়িয়ে দিতে সরকার সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি আরও বলেন, নজরুল শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা ও সম্প্রীতিরও কবি। তাই তাঁর আদর্শ ও সৃষ্টিকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তব্য শেষে তিনি ‘নজরুল বর্ষ ২০২৬-২০২৭’-এর লোগো উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি বক্তব্যে নজরুলের সাহিত্য, সংগীত ও আদর্শের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আগামী চারদিনব্যাপী আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) লুৎফর রহমান, জেলা সিভিল সার্জন ডা. নূর আলম দ্বীন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা কালচারাল অফিসার দিতী সাহা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা।

অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৫-২০২৬ অর্থবছরে চাঁদপুর জেলার ৯৩ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ৩৯টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানের মাঝে মোট ৩৫ লাখ টাকার সরকারি অনুদান বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান অনুদানের চেক ও মঞ্জুরিপত্র সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেন।

ক্যাপশন: চারদিনব্যাপী ‘নজরুল বর্ষ ২০২৬- ২০২৭’-এর শুভ উদ্বোধন। চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের মাঝে ৩৫ লাখ টাকার অনুদান বিতরণ। ছবি- দৈনিক চাঁদপুর খবর

সম্পর্কিত খবর