মহামায়ায় লাইসেন্স ছাড়াই গবাদি পশুর ভিটামিন উৎপাদন করায় জরিমানা

স্টাফ রিপোর্টার : চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাইসেন্স ছাড়া গবাদি পশুর ভিটামিন উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১ জুলাই ২০২৬) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মহামায়া বাজার ও কুমারডুগী মাজার গেইট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

আভযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রাণিসম্পদ অধিদপ্তরের অনুমোদিত লাইসেন্স ছাড়া গবাদি পশুর ভিটামিন প্রস্তুত করার অপরাধে ‘এপি এগ্রোভেট’ নামক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ প্রদান করেন।

জরিমানার অর্থ প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে পরিশোধ করে। এ সময় অভিযুক্ত প্রতিষ্ঠান ভবিষ্যতে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রয়োজনীয় লাইসেন্স ব্যতীত কোনো ধরনের উৎপাদন কার্যক্রম পরিচালনা না করার অঙ্গীকার করে। অভিযানের অংশ হিসেবে নিয়মিত মনিটরিং কার্যক্রমের আওতায় এলাকার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়।

পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকারবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

স্থানীয় ব্যবসা প্রচার অভিযানে প্রাণিসম্পদ অধিদপ্তর, চাঁদপুর জেলা অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও অভিযান কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর