
মহসিন হোসাইন: ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং আসন্ন পূজা উৎসবকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে চাঁদপুর জেলা পুলিশ।
বুধবার (২৪ জুন ২০২৬) সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর।
সভায় জেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনায় সনাতনসহ ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং আসন্ন পূজা উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।
পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন, জেলার সকল ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। যেকোনো পরিস্থিতিতে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ জনগণের পাশে থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ, ডিআইও-১, ডিএসবি, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহাসহ জেলা ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



