
মো : শাসছুদ্দোহা সেলিম, হাইমচর সংবাদদাতা : চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সোমবার (২২ জুন) হাইমচর উপজেলা পরিদর্শন করেন। এছাড়াও তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত ‘মা ও শিশু কর্নার’-এর শুভ উদ্বোধন করেন এবং স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানসহ চরভৈরবী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।
সফরকালে হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে তিনি উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক গতিশীলতা এবং জনসেবার মান নিশ্চিতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “জনগণের দোরগোড়ায় সরকারি সেবা সহজে ও দ্রুত পৌঁছে দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ভূমিকা অপরিসীম। হাইমচরের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় সবাইকে স্বচ্ছতার সাথে একযোগে কাজ করতে হবে। নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়-এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। তিনি হাসপাতালের চিকিৎসাসেবার মান ও পরিবেশ ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরিদর্শন শেষে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে মা ও শিশুদের বিশেষায়িত সেবাদানের লক্ষ্যে নবনির্মিত ‘মা ও শিশু কর্নার’-এর ফলক উন্মোচন ও ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। হাইমচর উপজেলা সফরের পরবর্তী অংশে জেলা প্রশাসক হাইমচরের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ আলগি বাজার আলিম সিনিয়র মাদ্রাসা পরিদর্শন করেন।
সেখানে তিনি মাদ্রাসার শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও পরিবেশ পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিষ্ঠানটির শিক্ষক মণ্ডলীকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
এরই ধারাবাহিকতায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান উপজেলার ঐতিহ্যবাহী চর ভৈরবী ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান ও ডিজিটাল সেন্টারের কার্যক্রম সরজমিনে ঘুরে দেখেন।
এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও পরিষদ কর্মকর্তা-কর্মচারীদের সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করার তাগিদ দেন। জেলা প্রশাসকের এই বহুমাত্রিক ও কর্মব্যস্ত সফরকে কেন্দ্র করে হাইমচর উপজেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুধীসমাজের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।




