
চাঁদপুর খবর রিপোর্ট: ব্রিটিশ ভারতের ত্রিপুরা কুমিল্লা জেলার চাঁদপুর সাব ডিভিশনে চাঁদপুর থানায় বর্তমানে বাংলাদেশের চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী গ্রামে ১৯২০ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মাওঃ এ টি আহম্মেদ হোসেন রুশদী জন্মগ্রহণ করেন। পিতার নাম আলহাজ্ব মাওলানা আব্দুল কাদের মুন্সী। মাতা মোসাম্মৎ যোবাইদা বেগম। পিতা ছিলেন তৎকালীন সময়ের বিশিষ্ট ইসলাম ধর্ম প্রচারকদের একজন।
তিনি মাদ্রসা থেকে টাইটেল (কামিল) পাশ করার পর একটি মাদ্রাসায় প্রধান মোহাদ্দেস হিসাবে চাকুরী করেন। তাকে এলাকার সবাই পীরের মত শ্রদ্ধা করতেন। তিনি ছিলেন ১০ ছেলে ও ৫ মেয়ের জনক।
পরিবারের প্রথম সন্তান ছেলে হিসাবে জন্ম গ্রহণ করায় বাড়ীসহ এলাকায় খুশির বন্যা বয়ে যায়। চলে মিষ্টি ও খেজুর খাওয়ার আয়োজন। এলাকায় ছোট-বড় সকলেই আনন্দিত হয়েছিলেন। তিনি শৈশব থেকেই হয়ে উঠেন আদরের ও বিশ্বস্ত। ছাত্র জীবনে ছিলেন মেধাবী। তিনি ছাত্র অবস্থায় লজিং ও টিউশনী করতেন। ছাত্র অবস্থায় পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পান। বৃত্তির টাকায় তিনি নিজে চলতেন এবং পরিবারে সহযোগিতা করতেন। তিনি ছাত্রাবস্থায় বিয়ে করেন। এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সহিত পাশ করেন। এইচএসসি পরীক্ষায় প্রথম শ্রেণীতে চতুর্থ স্থান লাভ করেন। বিএ (অনার্স) প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। একই সঙ্গে ইংরেজিতে পাশ করেন।
এম.এ প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন। তৎকালীন সময়ে একই সময়ে মাদ্রাসা থেকেও কৃতিত্বের সহিত এম.এম পাশ করেন।
তৎকালীন কলিকাতায় বৃটিশ সরকার এম.এ ফাষ্ট ক্লাশ পাওয়াতে গোল্ড মেডেল প্রদান করে “রুশদী” খেতাবে ভূষিত করেন। স্বর্ণ পদক দেখার জন্য দূর-দূরান্ত থেকে বহু লোক ওনাকে দেখতে আসেন ও অনেক পুরস্কার প্রদান করেন। পড়ালেখা শেষ করে সরকারি উচ্চপদস্থ চাকুরিতে যোগদান করেন। চাকুরিরত অবস্থায় তিনি নিজ গ্রামে, থানা, জেলা ও দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারের লক্ষ্যে বহু প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এবং প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করেন।
শিক্ষাবিদ, শিক্ষানুরাগী হিসেবে শিক্ষা প্রসারের ক্ষেত্রে তার অবদান ছিল সীমাহীন। তার প্রতিষ্ঠিত উল্লেখযোগ্য প্রতিষ্ঠান শাহতলী আলিয়া মাদ্রাসার টাইটেল (কামিল) মঞ্জুরীর প্রতিষ্ঠাতা, জিলানী চিশতী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, জিলানী চিশতী বহুমুখী উচ্চ বিদ্যালয় (বড় পীর আব্দুর কাদের জিলানী (রাঃ) ও চিশতী (রাঃ) দুজন পীরের নামে প্রতিষ্ঠা করেন) যা রুশদী কলেজ নামে পরিচিত, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী দাখিল মাদ্রাসা, মধ্য শাহ্তলী কাদেরীয়া সরঃ প্রাথমিক বিদ্যালয়, উত্তর শালী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা সরঃ (বালিকা) প্রাঃ বিঃ, হামানকৰ্দ্দিতে শাহতলী সরঃ প্রাথমিক বিদ্যালয়,
হাপানিয়া রুশদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মেনাপুর, আগরজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, সেনগাঁও মাধ্যমিক বিদ্যালয়, লাকসাম উচ্চ বিদ্যালয়, ঢাকার দক্ষিণ মুহসেন্দী বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়াও শালী অঞ্চলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও মসজিদসহ নানা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ব্যাপারে আন্তরিক সহযোগিতা করেন।
এছাড়াও তিনি চাঁদপুর জেলা ও বিভিন্ন স্থানের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার পেছনে অবদান রেখেছেন। তার নিজের এলাকায় মানুষদের নিরক্ষর মুক্ত রাখার জন্য তিনি এ মহৎ পদক্ষেপ গ্রহণ করেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার পেছনে তার ছিল অক্লান্ত, অফুরন্ত পরিশ্রম। পরিশ্রম এবং সততা মানুষকে সৌভাগ্য এবং সফল করতে পারে তাই তিনিও জাতীয়ভাবে স্বীকৃতি পেয়ে সফল হয়েছেন। তিনি এজিবিতে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকুরি করেছিলেন। চাকুরিকালীণ সময়ে তিনি অতীব সততার সাথে দায়িত্ব পালন করেন।
তিনি শিক্ষা প্রসারের জন্য নিজের বহু অর্থ সম্পদ ও জমি ব্যয় করেছিলেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে গেছেন। এ ছাড়াও অনেক লোককে প্রাইমারীতে চাকুরী দিয়েছিলেন।
ওনার সহধর্মীনী ওনার প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ব্যাপারে আপোষহীন সহযোগিতা করেছিলেন। তার প্রচেষ্টায় কিছু সময়ের জন্য শালী জিলানী চিশতী ডিগ্রি কলেজের সেন্টার প্রতিষ্ঠিত হয়। তিনি এলাকার বহু মেধাবী ছাত্র-ছাত্রীকে লেখাপড়ায় মনোনিবেশ করতে অর্ধ ও বিনা বেতনে পড়িয়েছেন। আজ যারা দেশের উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কৃতিত্বের সহিত চাকুরি করছেন ওনার জন্য তারা দোয়া করছেন। মরহুম রুশদী সাহেব শিক্ষা জীবনে ওস্তাদ ও শিক্ষকদের অতি শ্রদ্ধা ও ভক্তি করতেন। এ.জে.কে ইমাম ছিলেন ওনার প্রিয় শিক্ষক। ওনার কথা মানতেন এবং রাখতেন। অসুস্থ অবস্থায় ওনার কাছে চিঠি আসে একটি কলেরা হাসপাতাল (আইসিডিডিআরবি) করার জন্য যাহার জমি ও স্থান নির্ধারণ করা হয়।
তিনি মারা যাওয়াতে আর হাসপাতালটি শাহ্তলীতে নদীর পাড়ে প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই। ঢাকার তৎকালীন হলি ফ্যামেলি হাসপাতালের কেবিনে সকলকে কাঁদিয়ে শোকের সাগরে ভাসিয়ে ১৯৭৫ সনের ২০ শে জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৬ ছেলে, ৪ মেয়ে, নাতী, নাতনী, ভাই-বোনসহ বহু গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৫ বছর। ১৯৯৭ ইং সনের ২৫ শে এপ্রিল শুক্রবার ওনার সহধর্মীনী রাবেয়া বেগম মৃত্যুবরণ করেন।
তথ্য সংগ্রহে:
সোহেল রুশদী
আহ্বায়ক, উদ্যাপন কমিটি।



